৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তথ্য ফাঁসের ঝুঁকিতে রয়েছেন
তথ্যনিরাপত্তা ঝুঁকিতে রয়েছে জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। ইতোমধ্যে এসব তথ্য বিক্রির জন্য হ্যাকারদের অনলাইন ফোরামে বিজ্ঞাপনও দিয়েছেন তাঁরা।
তথ্যমতে, ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে সাইবার অপরাধীদের কাছে। বিশাল এই তথ্যভান্ডারে ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ, যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য রয়েছে।
এই তথ্য ভান্ডারে কীভাবে সাইবার অপরাধীরা প্রবেশ করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ফাঁস হওয়া ফোন নম্বর কাজে লাগিয়ে স্প্যাম মেইল পাঠানোর পাশাপাশি ফিশিং আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে।





